(Effects of Migration)
অভিগমনের যেমন কিছু ভালো দিক রয়েছে তেমনি মন্দ দিকও রয়েছে। অভিগমনের প্রভাবগুলো নিচে বর্ণনা করা হলো:
১. অর্থনৈতিক প্রভাব: অভিগমনের ফলে অর্থনীতির ওপর বিশেষ প্রভাব পড়ে। আন্তর্জাতিকভাবে অভিগমনকারীগণ নিজ দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখে এবং পরিবারে আর্থিক অবস্থার উন্নয়ন ঘটায়। গ্রামের গরিব মানুষ শহরে এসে নতুন পেশায় অধিক আয় করে থাকে।
২. জনসংখ্যার ওপর প্রভাব: কোনো দেশের জনসংখ্যার জন্য অভিগমনের ভালো দিকগুলো হলো দেশের জনসংখ্যার পুনঃবণ্টন, সম্পদ অনুযায়ী জনসংখ্যার বণ্টন, জীবনযাত্রার মান বৃদ্ধি। এছাড়াও অভিগমনের কিছু ঋণাত্মক প্রভাবও রয়েছে জনসংখ্যার ওপর। সাধারণত নারীদের তুলনায় পুরুষরা অভিগমনে অধিক আগ্রহী থাকে। ফলে নারী-পুরুষের অনুপাতে অসামঞ্জস্য দেখা দেয়। এছাড়াও গ্রাম থেকে পুরুষরা শহরে অধিক অভিগমন করায় গ্রামে দক্ষ জনশক্তির অভাব দেখা দেয়। ফলে তা উৎপাদনমূলক কাজের (যেমন- কৃষি) ক্ষতিসাধন করে।
৩. সামাজিক প্রভাব: অভিগমনের ফলে সমাজব্যবস্থায় কিছু ইতিবাচক প্রভাব দেখা দেয়। যেমন: পরিবার নিয়ন্ত্রণ, নারী শিক্ষা, নতুন প্রযুক্তিসহ বিভিন্ন সুযোগ সুবিধার প্রতি মানুষ আকৃষ্ট হয়। এছাড়াও মানুষের দৃষ্টিভঙ্গি উন্নত হয় এবং বিভিন্ন সংস্কৃতির ও মানুষের সাথে পরিচয় ঘটে।
সামাজিকভাবে অভিগমনের কিছু খারাপ দিকও রয়েছে। যেমন পরস্পরের মধ্যকার বন্ধন কমে যায়, হতাশা বৃদ্ধি পায়। অভিগমন গ্রামের মহিলাদের ওপর বিশেষ প্রভাব ফেলে। স্বামী অন্যত্র অভিগমন করলে তাদের শারীরিক ও মানসিক চাপের ঝুঁকি বেড়ে যায়।
৪. পরিবেশগত প্রভাব: পরিবেশের ওপর অভিগমনের বিশেষ প্রভাব রয়েছে। শহরাঞ্চলে অধিক অভিগমনের ফলে সামাজিক ও প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। অধিক জনসংখ্যার ফলে শহরে অপরিকল্পিতভাবে বাসস্থান ও স্থাপনা তৈরি হয় এবং বস্তির সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। বর্জ্য ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে সমস্যা হয়। ফলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে। প্রাকৃতিক সম্পদের ওপর অধিক চাপ পড়ে; ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যায়, বায়ু, পানি ও মৃত্তিকাদূষণ ঘটে। এভাবে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে।
৫. জৈবিক পরিবর্তন অভিগমনের ফলে মানুষ তার জন্মস্থান ত্যাগ করে কোনো নতুন জায়গায় আসে। ফলে জৈবিক পরিবর্তন ঘটে। নতুন পরিবেশে এসে অনেকেরই স্বাস্থ্যের অবনতি ঘটে। শহরের ঘনবসতি; বায়ু দূষণ এবং অপর্যাপ্ত বাসস্থান গ্রাম থেকে শহরে আসা মানুষদের শারীরিক অবস্থার অবনতি ঘটায়।
৬. সাংস্কৃতিক পরিবর্তন: এক স্থান থেকে অন্যস্থানে অভিগমনের ফলে মানুষের গুণগত ও সংস্কৃতির কিছু পরিবর্তন ঘটে। যেমন- ভাষা, খাদ্যাভ্যাস, পোশাক, রীতিনীতির পরিবর্তন ঘটে।
দূষণ ও দুর্যোগ- প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী- স্যারে লেখা বই
Read more