(Concept and Scope of Human Geography)
ভূগোলের দুটি প্রধান শাখার একটি হচ্ছে মানব ভূগোল। মানব ভূগোল সাংস্কৃতিক ভূগোল নামেও পরিচিত। মানব ভূগোলে আলোচিত মূল বিষয়বস্তুগুলো হলো মানুষ, তার ভাষা, ধর্ম, মানুষের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা, জীবন-জীবিকা, বাসস্থানের ধরন, ঐতিহ্য, সাংস্কৃতিক, নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য ইত্যাদি।
মানব ভূগোলের সংজ্ঞায় এককথায় বলা যায়, মানব ভূগোল হলো মানুষ ও স্থান সম্পর্কিত জ্ঞান। অর্থাৎ এটি স্থান ও কালভেদে মানুষের সামাজিক অবস্থা, মানুষের সঙ্গে পরিবেশের সম্পর্ক সম্বন্ধীয় স্থানিক, আঞ্চলিক ও বৈশ্বিক বিশ্লেষণ করে থাকে।বিখ্যাত ব্রিটিশ ভূগোলবিদ রন জন্সটন এর মতে, "মানব ভূগোল হলো সমাজবিজ্ঞানের একটি শাখা, যা সমগ্র বিশ্ব, বিশ্বের মানুষ, গোষ্ঠী এবং সংস্কৃতি নিয়ে আলোচনা করে।"
অধ্যাপক ডাডলি স্ট্যাম্প এর মতে, "মানব ভূগোল হচ্ছে পৃথিবী ও তার অধিবাসীদের সমাজীয় বর্ণনা।"
ভূগোলবিদ আলেকজান্ডার ভন হামবোল্ট এর মতে, "কোনো স্থান বা এলাকায় বসবাসকারী মানবগোষ্ঠী সম্পর্কে ব্যাখ্যা প্রদান করা মানব ভূগোলের কাজ"।
জার্মান ভূগোলবিদ ফ্রেডরিক র্যাটজেল বলেন, "মানবসমাজ ও ভূপৃষ্ঠের মধ্যকার সম্পর্কের বিশ্লেষণ হলো মানব ভূগোল।"
কানাডার বিখ্যাত ভূগোলবিদ মাইকেল ইলিয়ট হার্স্টের মতে, "বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে মানুষের আচার-আচরণ বিশ্লেষণ করা মানব ভূগোলের কাজ।"
আমেরিকান ভূগোলবিদ মিস এলেন চার্চিল মানুষ ও প্রকৃতির আন্তঃসম্পর্ক ধারণাটির প্রবক্তা। তার এ ধারণাটি প্রাকৃতিক নিয়ন্ত্রণবাদ বা নিমিত্তবাদ (Scientific determinism) নামে পরিচিত। ধারণাটির মূলকথা হলো, "পৃথিবীর উপরিভাগে বিচরণকারী মানুষ স্বাধীন নয়। মানুষের সকল প্রকার কর্ম ও ক্রিয়া প্রকৃতি অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত। তবে মানুষের পছন্দের স্বাধীনতা রয়েছে।"
বিখ্যাত জার্মান ভূগোলবিদ আলেকজান্ডার ভন হামবোল্ট বলেন, "কোনো স্থান বা এলাকায় বসবাসকারী মানবগোষ্ঠী সম্পর্কে ব্যাখ্যা ও বিশ্লেষণ এবং আঞ্চলিক তারতম্যের বর্ণনা করা মানব ভূগোলের কাজ।"
উপরিউক্ত আলোচনায় বোঝা যায় যে, মানব ভূগোলে মানুষের কর্মকাণ্ডের ওপর অধিক গুরুত্ব প্রদান করা হয় এবং সেই সাথে স্থান ও সময়ভেদে তা বিশ্লেষণ করা হয়।

মানব ভূগোলের ক্ষেত্র
মানব ভূগোলের ক্ষেত্র বা পরিসর প্রাকৃতিক ভূগোল থেকে আলাদা। এখানে মানুষ ও তার কর্মকাণ্ডের ওপর অধিক গুরুত্ব . প্রদান করা হয়। সমাজবিজ্ঞানের বিভিন্ন বিষয়; যেমন- রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও অন্যান্য মানব সম্বন্ধীয় বিষয়াদি মানব ভূগোলের আওতাভুক্ত। মানব ভূগোলের আলোচনার কেন্দ্রবিন্দু ভূপৃষ্ঠের প্রাকৃতিক ভূমিরূপ না হলেও প্রাকৃতিক ভূগোলের সাহায্য ছাড়া মানব ভূগোলকে বর্ণনা করা সম্ভব নয়। কেননা মানুষের সব ধরনের কর্মকাণ্ডের সঙ্গে ভৌগোলিক পরিবেশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
পদ্ধতিগত দিক থেকে মানব ভূগোল বিজ্ঞানভিত্তিক ও অধিকতর গ্রহণযোগ্য। কারণ মানব ভূগোলের কোনো বিষয় - আলোচনার ক্ষেত্রে গুণগত ও পরিমাণগত উভয় পদ্ধতিই ব্যবহার করা হয় এবং জরিপ, পরিসংখ্যানিক বিশ্লেষণের মাধ্যমে কোনো বিষয়কে পুঙ্খানুপুঙ্খভাবে গবেষণা করার সুযোগ থাকে।
ভূগোলে বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দৃশ্যমান ও অদৃশ্য উপাদান বা প্রপঞ্চের পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সমাজের পারিসরিক বিস্তরণ নিয়ে কাজ করে। এ কারণে মানব ভূগোলের ক্ষেত্র, পরিসর বা পরিধিও বিস্তৃত। মানুষ ও পরিবেশের যে সম্পর্ক এবং যে ধারায় মানুষের কার্যপ্রণালি বণ্টিত সে বিষয়গুলোও এর আওতাভুক্ত। মানুষের সাংস্কৃতিক বৈশিষ্ট্য তথা শিল্পচর্চা, ভাষা, ধর্মীয় মনোভাব, আচার-আচরণ ও ঐতিহ্য, গ্রামীণ ও নগর বসতির প্রকারভেদ, নগর বসতির অবস্থান, আকার, প্রবৃদ্ধি ও ক্রিয়াকলাপ ইত্যাদি মানব ভূগোলে গুরুত্বসহকারে আলোচনা করা হয়। অর্থনৈতিক ক্রিয়াকলাপ, শিল্প, বাণিজ্য, পরিবহন ও যোগাযোগের প্রকৃতি ও মাধ্যম, যা প্রাকৃতিক পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। বিষয়ও মানব ভূগোলের পরিসরভুক্ত।
নিচে সংক্ষেপে মানব ভূগোলের পরিধি তুলে ধরা হলো:
- জনগোষ্ঠীর অবস্থান ও বিন্যাস;
- জনগোষ্ঠীর কাঠামো ও গঠন বিন্যাস, বৃদ্ধি ও সমস্যা;
- জনবসতি ও গৃহায়ণ, বসতির বিন্যাস, তারতম্য ও নগর পরিকল্পনা;
- মানবসমাজ ও সংস্কৃতি, সংস্কৃতির বিস্তার ও পার্থক্য;
- মানুষের উৎপাদন ও উপজীবিকা;
- পরিবহন ও যাতায়াত ব্যবস্থা এবং ব্যবসা বাণিজ্য;
- জনসংখ্যার বিস্তরণ, স্থানান্তর ও অভিগমন;
- জনপ্রশাসন, রাজনীতি, রাষ্ট্রব্যবস্থা ও ভূরাজনীতি;
- জনপ্রশাসন, রাজনীতি, রাষ্ট্রব্যবস্থা ও ভূরাজনীতি;
- সাংস্কৃতিক ভূদৃশ্যের নিরীক্ষা; এবং
- মানুষের আর্থসামাজিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, শ্রম ইত্যাদির পরিকল্পনা।
মানব ভূগোল সময় ও স্থানের উপর বিশেষ গুরুত্ব প্রদান করে থাকে। মানব ভূগোলের বিষয়গুলোর মধ্যে তাই অর্থনীতি, 'ইতিহাস, রাজনীতি, সংস্কৃতি, জনমিতি, স্বাস্থ্য, উন্নয়ন সম্পর্কিত বিষয়াদিও আলোচিত হয়। এক্ষেত্রে উল্লেখ্য যে, মানব ভূগোলের আলোচনায় প্রাকৃতিক ভূগোলের বিভিন্ন বিষয়ের সাথে সম্পর্ককে গুরুত্ব প্রদান করা হয়।
মানব ভূগোল - মোহা: আনিছুর রহমান ও মোঃ আব্দুর রাজ্জাক-স্যারে লেখা বই
Read more