hsc

পাঠ-২: মানচিত্রের ব্যবহার

ভূগোল ১ম পত্র - ভূগোল - এইচএসসি | NCTB BOOK

1.3k

(Uses of Map)

মানচিত্র ভূগোলবিদদের হাতিয়ার। সমাজের অধিকাংশ লোক যারা শিক্ষিত, বিশেষ করে বিজ্ঞানের বিভিন্ন শাখার অনুসারীরা তাদের সংগৃহীত তথ্য ও উপাত্তগুলো পরিস্ফুট করার জন্য মানচিত্র ও নকশা ব্যবহার করলেও ভূগোলের ন্যায় অন্য কোনো বিজ্ঞান মানচিত্রের উপর এত অধিক নির্ভর করে না। পৃথিবী সম্পর্কে নানা প্রকার তথ্য যেমন পুস্তকে সংগৃহীত থাকে তেমন মানচিত্রেও পৃথিবীর বিবিধ তথ্য তুলে ধরা হয়। এমনকি অজ্ঞাত ও না দেখা স্থানও মানচিত্রের মাধ্যমে নিজ আকৃতিতে ও পরিচয়ে প্রতিভাত হয়। মানচিত্রগুলো কোনো কোনো ক্ষেত্রে চিত্র (pictorial mapping) শোভিত হয় এবং এজন্য এইগুলোর প্রতি দৃষ্টিপাত করলে অধিকতর মনোরম বলে অনুমিত হয় এবং কতিপয় জটিল তথ্য এতে সংযুক্ত করা হলেও তা দর্শকের নিকট সহজবোধ্য হয়ে উঠে। উত্তম মানচিত্রগুলো এদের প্রকৃত চিত্রানুপাত অনুসারে আমাদেরকে পর্যাপ্ত তথ্য সরবরাহ করে। ফলে সেইগুলো কয়েক পৃষ্ঠায় বর্ণিত বর্ণনা অপেক্ষা কোন অংশে কম নয়। স্থানীয় বৈচিত্র্যসূচক মানচিত্রের সাহায্যে কোনো দেশের আঞ্চলিক ভূগোল ধারাবাহিক বর্ণনা করা যায়। সুতরাং, মানচিত্র ও নকশার সাহায্যে বহু জটিল ভূদৃশ্য অত্যন্ত সহজভাবে ব্যাখ্যা করা যায়। এজন্যই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদানকালে মানচিত্রগুলো খুবই প্রয়োজনীয়।

ব্যক্তিগত পর্যবেক্ষণের জন্য মানচিত্রগুলো কেবল ভূগোলবিদদের পথ প্রদর্শকই নয় বরং অন্যদেরও সহায়ক। ভ্রমণকারী ও পর্যটকদের কাছেও সেগুলো প্রয়োজনীয়; কারণ অন্য কোনো স্থানীয় লোকের কাছ থেকে কোনো স্থানের অবস্থান সম্পর্কে জেনে না নিয়েও মানচিত্রের সহায়তায় তারা নিজ নিজ লক্ষ্যস্থলের দিকে যেতে পারেন। সমুদ্র ও নভোমণ্ডলে ভ্রমণকারীদের কাছে নৌ সারণিগুলোর (synoptic chart) প্রয়োজনীয়তা বিশেষভাবে উল্লেখ করার অপেক্ষা রাখে না। সামরিক অভিযান পরিচালনা করার জন্য স্থানীয় বৈচিত্র্যসূচক মানচিত্রগুলোর সহায়তা অপরিহার্য। যেসব জায়গার মানচিত্র পাওয়া যায় না তথায় অভিযান পরিচালনা বিপদ ও ঝুঁকি থেকে মুক্ত নয়। এরূপ অভিযানের সময় বিভিন্ন পথ ও শত্রুর সম্ভাব্য অবস্থানগুলো মানচিত্রের সহায়তায় জেনে কর্তব্য নির্ধারণ করা হয়। এজন্য যুদ্ধের সময় সাধারণ মানুষের জন্য স্থানীয় বৈচিত্র্যসূচক মানচিত্রগুলোর ব্যবহার সীমিত করা হয়। ব্যবসায়ী, শিল্পপতি ও কারখানার ব্যবস্থাপকদের জন্যও মানচিত্র প্রয়োজনীয়। উৎপাদন ও বিপণনের ক্ষেত্রে কোনো শিল্পকারখানার পরিচালক মানচিত্রের সাহায্যে পণ্যের উৎপাদনক্ষেত্র নির্ণয় ও প্রসারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারেন। প্রশাসনিক কাজের জন্য সরকারের বিভিন্ন দপ্তরে মানচিত্র অত্যাবশ্যকীয়। তাছাড়াও কোনো দেশের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও ব্যবহারের জন্য এবং পরিকল্পনা প্রণয়নের জন্য মানচিত্র প্রয়োজন।

ব্যবহারিক মানচিত্র ও স্কেল-কে. আশরাফুল আলম ও মো. শরিফুল ইসলাম স্যার এর লেখা বই

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...