hsc

পাঠ-৩: পানি দূষণের কারণ

ভূগোল ২য় পত্র - ভূগোল - এইচএসসি | NCTB BOOK

1.1k

(Causes of Water Pollution)

পানির সাথে বিভিন্ন বিষাক্ত পদার্থ মিশ্রিত হয়ে যদি পানির প্রাকৃতিক, রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যের পরিবর্তন হয় এবং তার ফলে জলজ উদ্ভিদ, প্রাণী ও মানুষের অপূরণীয় ক্ষতি হয় বা তার আংশকা থাকে তাকে পানি দূষণ বলে। বিভিন্ন কারণে পানি দূষিত হয়ে থাকে। যেমন-

১. তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ (Radio-active wastage): বর্তমানে মানুষ তাদের ঘর উষ্ণ রাখা ও খাদ্য সংরক্ষণের
জন্য, শিল্পের শক্তি ও গাড়ির জ্বালানি সরবরাহের জন্য বিভিন্ন ধরনের পরমাণু ও তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে থাকে। পারমাণবিক চুল্লি ও অন্যান্য পারমাণবিক বিস্ফোরণের ফলে উদ্ভূত তেজস্ক্রিয় আইসোটোপগুলো উন্মুক্ত জলরাশিতে সহজেই মিশে গিয়ে উদ্ভিদ ও প্রাণীর ক্ষতিসাধন করে।
২. মড়ক ও আগাছা দমনকারী ওষুধ (Pesticides and herbicides): মানুষ উন্নতমানের বীজ, সার, উন্নত সেচ ব্যবস্থা ও বিভিন্ন ধরনের মড়ক, আগাছা ও পোকা দমনকারী ওষুধ ইত্যাদি ব্যবহার করে কৃষি উৎপাদন বৃদ্ধির চেষ্টা করছে। এ ধরনের ওষুধসমূহ যখন উদ্ভিদের উপর ছড়ানো হয় তখন এগুলো মাটিস্থ পানির সাথে মিশে পানিকে দূষিত করে। এছাড়া ওষুধগুলো বৃষ্টির পানির সাথে নদী ও সাগরে গিয়ে পড়ে এবং জলজ উদ্ভিদ ও প্রাণীর দেহে জমা হয়। এতে জলজ জীবের ক্ষতিসাধন হয়।

৩. এসিডসমূহ (Acids): খনি হতে নির্গত এসিডসমূহ পানিতে মিশে এসিডের হার বৃদ্ধি করে থাকে। পানিতে এসিডের পরিমাণ অধিক মাত্রায় বৃদ্ধি পেলে জলজ উদ্ভিদ ও প্রাণীর জন্যে তা হুমকি হয়ে দাঁড়ায়।
৪. নর্দমার ময়লা (Domestic sewage): নদী বা কূপ হতে আমরা খাওয়ার পানি সরবরাহ করে থাকি। এগুলো
সাধারণত নর্দমার ময়লা (Domestic sewage) দ্বারা দূষিত হয়। শহরাঞ্চলের নর্দমাগুলো সাধারণত নদীতে গিয়ে শেষ হয়। এগুলো দ্বারা মানুষ ও অন্যান্য প্রাণীদের মলমূত্র ও অন্যান্য ময়লা-আবর্জনা নদীতে পতিত হয়। এছাড়া মানুষ বা অন্যান্য পশুর মল, অথবা ফেলে দেওয়া বা নষ্ট হয়ে যাওয়া খাদ্যদ্রব্য ইত্যাদি নদীতে পতিত হলে এগুলো ব্যাকটেরিয়ার প্রভাবে অজৈব পদার্থে রূপান্তরিত হয়। ব্যাকটেরিয়াসমূহের এ ধরনের কার্যাবলির জন্য প্রচুর অক্সিজেন খরচ হয়। ফলে পানি দূষিত হয় এবং তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। যেমন- ঢাকার নর্দমার ময়লার মাধ্যমে বুড়িগঙ্গার পানি দূষণ।
৫. শিল্পের আবর্জনা (Industrial wastage): শিল্পবিপ্লবের শুরু থেকেই শিল্পসমূহ হতে নির্গত ময়লা ও আবর্জনা নদী ও সমুদ্রের পানি দূষিত হওয়ার প্রধান কারণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। কাগজ ও কাগজমণ্ড, বস্ত্র, চিনি, সার, লৌহ জাতীয় ধাতু, চামড়া ও রাবার, ওষুধ ও রাসায়নিক শিল্প-কারখানা হতে নির্গত আবর্জনাসমূহ বিভিন্ন রাসায়নিক উপাদানে গঠিত। এগুলো পানিতে মিশে পানিকে দূষিত করে। যেমন- নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পানি দূষণ।
৬. কঠিন আবর্জনা (Solid wastage): প্লাস্টিক, পলিথিন, রাবার, অ্যাসবেস্টস ইত্যাদি দ্বারা পরিবেশ দূষিত হয়। এসব পদার্থ দ্বারা তৈরি দ্রব্যাদি সহজে নষ্ট হয় না এবং সহজে তার রাসায়নিক পরিবর্তন ঘটে না। ব্যাকটেরিয়া ও অন্যান্য অণুজীব এর উপর কোনো বিক্রিয়া করতে পারে না। তাই এসব পদার্থগুলো পানিতে পড়ে পানি দূষিত করে।

দূষণ ও দুর্যোগ- প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী- স্যারে লেখা বই

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...